অবৈধ বা অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ স্পেন। সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে বসবাসরত নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এরই মধ্যে বৈধতার জন্য জমা পড়েছে ১২ লাখের বেশি আবেদন।
স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, দেশটিতে বসবাসরত মানুষদের বাস্তবতা ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়াই সরকারের লক্ষ্য।
গত জানুয়ারিতে স্পেন সরকার বিশেষ এই কর্মসূচির ঘোষণা দেয়। এর আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীরা এক বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পাবেন। একই সঙ্গে তারা বৈধভাবে কাজ করার সুযোগও পাবেন।
এই সুযোগ পেতে আবেদনকারীদের প্রমাণ করতে হবে, তারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে স্পেনে এসেছেন এবং অন্তত পাঁচ মাস দেশটিতে বসবাস করেছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না।
স্পেন সরকার বলছে, দেশটির পর্যটন, কৃষি, নির্মাণ ও সেবা খাতে অভিবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থনীতির চাহিদা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল পপুলার পার্টি। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে।
প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ অভিবাসী এই সুযোগ পাবেন বলে ধারণা করা হলেও, আবেদন জমা পড়েছে তার দ্বিগুণেরও বেশি। আবেদনকারীদের বড় অংশই ল্যাটিন আমেরিকার নাগরিক। সবচেয়ে বেশি আবেদন এসেছে কলম্বিয়া থেকে।
তবে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে বৈধতা মিলবে না। সব তথ্য যাচাই শেষে যোগ্যদের বসবাস ও কাজের অনুমতি দেবে স্পেন সরকার।

ডেস্ক রিপোর্ট 




















