রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন নতুন চার দফা কর্মসূচি ঘোষণা করে শেষ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মহাসম্মেলনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা অংশ নেন।
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী মঞ্চ থেকে নতুন চার দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঘোষিত চার দফা কর্মসূচি:
- আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদি জনতার গণস্বাক্ষর সংগ্রহ
- মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান
- জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন
- দাবি পূরণ না হলে ডিসেম্বরে প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত হলে ও সহযোগিতা পেলে বিএনপি খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব, মধুপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিসরসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আলেমরা বক্তব্য রাখেন।
দেশের আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বেফাক ও আল হাইয়াতের শীর্ষ নেতারা।

ডেস্ক রিপোর্ট 
























