মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিশ্বকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন ফাতিহ বিরোল। তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে কোনো দেশই জ্বালানি নিরাপত্তার বাইরে থাকবে না।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (International Energy Agency) নির্বাহী পরিচালক এই সতর্কবার্তা দেন।
ফাতিহ বিরোল বলেন, ১৯৭০-এর দশকের পরপর দুটি বৈশ্বিক তেল সংকট বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছিল। সে সময় প্রতিটি সংকটে বিশ্ব প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হারায়, অর্থাৎ দুটি সংকট মিলিয়ে দৈনিক ক্ষতি ছিল প্রায় ১ কোটি ব্যারেল।
তবে বর্তমান পরিস্থিতিকে আরও গুরুতর উল্লেখ করে তিনি জানান, এখন বিশ্ববাজার প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ (১১ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ হারিয়েছে, যা অতীতের দুই বড় তেল সংকটের সম্মিলিত ক্ষতিকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় ও দ্রব্যমূল্যের ওপর ব্যাপক চাপ তৈরি হতে পারে। এতে উন্নত ও উন্নয়নশীল—উভয় ধরনের দেশই অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে।

ডেস্ক রিপোর্ট 
























