নিজ হাতে জিপ গাড়ি বানিয়ে তাক লাগালেন রূপগঞ্জের সোহেল মিয়া
তিন চাকার অটোর ভিড়ে হঠাৎ দেখা মিলছে চার চাকার এক ব্যতিক্রমী জিপের। যা কোনো কোম্পানির কারখানায় নয়, তৈরি হয়েছে এক তরুণের হাতে। নিরাপদ ও ভিন্নধর্মী যান তৈরির চিন্তা থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র এক মাসের চেষ্টায় এই জিপ বানিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদি গ্রামের সোহেল মিয়া।
অটোতে যাতায়াত করতে গিয়েই তার মাথায় আসে নতুন ভাবনা। তিন চাকার বদলে আরও নিরাপদ চার চাকার যান তৈরি করার। সেই চিন্তা থেকেই শুরু হয় তার উদ্ভাবনের পথচলা।
প্রায় এক লাখ টাকা ব্যয়ে তৈরি এই জিপ গাড়িতে রয়েছে চারটি চাকা, উন্নত ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, হেডলাইট ও সাইডলাইট। শক্তি জোগাতে ব্যবহার করা হয়েছে চারটি ব্যাটারি।
ড্রাইভারসহ পাঁচজন যাত্রী নিয়ে অনায়াসে চলতে পারে গাড়িটি। ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে। এমনকি ভাঙা-চোরা রাস্তাতেও সহজে চলাচল করতে পারে এটি।
অর্থের সীমাবদ্ধতায় আপাতত ব্যাটারিতে চালানো হলেও ভবিষ্যতে এতে ইঞ্জিন সংযোজনের পরিকল্পনা রয়েছে তার।
এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রয়োজনীয় সহায়তার বিষয় বিবেচনা করার কথা জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম।
নিজস্ব মেধা, পরিশ্রম আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব রূপগঞ্জের তরুণ সোহেল মিয়া তারই এক উজ্জ্বল উদাহরণ। এখন প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা, যাতে এই উদ্ভাবন বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















