ফেসবুকে ধর্মীয় অবমাননা করেছেন, এমন অভিযোগে আমিনুর শাহ নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমিনুর শাহকে আজ আদালতে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, আমিনুর শাহ শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের চান মিয়া বয়াতির ছেলে। গত রোববার ফেসবুকে নিজের আইডিতে ধর্মীয় অবমাননামূলক একটি পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতে অভিযোগে তার শাস্তির দাবিও করেন অনেকে।
পরে ক্ষুব্ধ জনতা সোমবার রাতে আমিনুর শাহর বাড়ি ঘেরাও করলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। তবে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এলাকাবাসী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আমিনুর শাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (বা সংশ্লিষ্ট ধারায়) মামলা করা হয়েছে। স্থানীয় গ্রাম-পুলিশ মো. আলাউদ্দিন মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ থানায় এ মামলা করেন।

ডেস্ক রিপোর্ট 


















