রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। বুধবার (১৩ মে) রাত অনুমানিক ৯টায় শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাতজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো- মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমানিক ৯টায় শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করেন। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটকদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত গ্রেফতারদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 


















