সুন্দরবনে বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয় ঘেরাও, আহত ৫
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় গুলিবিদ্ধ হয়ে সাতক্ষীরার শ্যামনগরের এক জেলে নিহত হয়েছেন। বনবিভাগের টহল টিমের গুলিতের তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের সহযোগীদের। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় এঘটনাটি ঘটে। দুপুরে তার মরদেহ লোকালয়ে নিয়ে এসেছেন তার সহকর্মীরা।
এদিকে, এ ঘটনায় বিকালে নিহতের মরদেহ নিয়ে স্থানীয়রা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ জনতা বন বিভাগের কার্যালয়ে হামলা চালায়। এতে বন বিভাগের ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।
নিহত আমিনুর রহমান গাজী (৪৫) উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।
তার সাথে থাকা জেলে আহম্মদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গত ১৩ মে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে তারা চারজন এক সাথে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু নির্দেশনা মানতে গড়িমসি করায় বনবিভাগের নলিয়ান টহলফাড়ির ইনচার্জ মোবারক হোসেন তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তারা আরো জানান।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফজলুল হক জানান, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একজন জেলে বনের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর আসে আমাদের কাছে দুপুর একটার দিকে। তারা অভিযোগ করেন, বনবিভাগের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। আমরা খবর পাচ্ছিলাম যে এলাকার হাজার খানেক লোকজন তার মরদেহ নিয়ে বিক্ষোভ করার জন্য আসছে। আমরা সাথে সাথে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। ঘটনাস্থলে এসে তারা আমাদের রেঞ্জ অফিসসহ বিভিন্ন অফিস ভাঙচুর করে। স্টেশন অফিসও ভাঙচুর করে। সেখানে গোলাবারুদসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সেগুলো এখন কি অবস্থায় রয়েছে সেটা এখনই বলা যাচ্ছেনা। আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। এখন পর্যন্ত আমাদের পাঁচজন বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে, আবার কয়েকজনের হাত ভেঙে গেছে। তারা সবকিছু ভাঙচুর করেছে। আমরা এখনও শঙ্কায় রয়েছি। এখন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার দরকার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন জানান, মরদেহ নিয়ে এলাকাবাসী সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের কার্যালয় ঘেরাও করে। পরে কিছু লোকজন বন বিভাগে হামলা করে। এতে বন বিভাগের কয়েকজন কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















