পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বের হন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি তদারক করতেই এই পরিদর্শনে বের হন তিনি। এ সময় তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর চত্বর, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা পরিদর্শন করেন। পরে তালতলা মার্কেট হয়ে বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড় ও ধোলাইখাল এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
এছাড়া তিনি শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকায় যান। পরে এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়, কলাবাগান ও মিরপুর রোড হয়ে সীমান্ত স্কয়ার এবং জিগাতলা বাসস্ট্যান্ড এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
সবশেষে ধানমন্ডির সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রেস উইং জানিয়েছে, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট 
























