শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। তবে নকআউটের আগে আর্জেন্টিনার সামনে ফিরে এসেছে এক অস্বস্তিকর পরিসংখ্যান।
বিশ্বকাপের ইতিহাস বলছে, গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এর আগে একাধিকবার এমন কীর্তি গড়েও শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকেছে আলবিসেলেস্তেদের।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে দুর্দান্তভাবে গ্রুপপর্ব শেষ করেছিল আর্জেন্টিনা। ফাইনালেও উঠেছিল দলটি। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়।
এরপর ১৯৯৮ বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। শেষ ষোলোয় ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয়।
২০১০ বিশ্বকাপেও একই চিত্র দেখা যায়। দিয়েগো ম্যারাডোনার অধীনে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে নিখুঁত গ্রুপপর্ব কাটিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে থেমে যায় তাদের যাত্রা।
২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে গ্রুপপর্বে তিন ম্যাচই জিতেছিল আর্জেন্টিনা। সেবার দলটি ফাইনাল পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। ফলে শতভাগ জয় নিয়ে শুরু করেও বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি।
এবারও একই পথে এগোচ্ছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় নকআউটে পা রেখেছে তারা। তবে ইতিহাসের সেই পুরোনো পরিসংখ্যান এখন নতুন করে আলোচনায়।
এখন দেখার বিষয়, কেপ ভার্দেকে পেরিয়ে লিওনেল মেসিদের আর্জেন্টিনা অতীতের অপূর্ণতা ঘুচিয়ে ইতিহাস বদলাতে পারে কি না। নাকি আবারও শতভাগ জয়ের শুরু শেষ হবে শিরোপাহীন আক্ষেপে।

ডেস্ক রিপোর্ট 























