জামালপুরে মাদক কারবারীদের হামলায় আল-আমিন নামে ইউনিয়ন যুবদলেন এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে মেষ্টা ফুলারপাড়া জলমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, যুবদল নেতা আল-আমিন স্থানীয় ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে জেলা প্রশাসনের কাছ থেকে একটি জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। জলমহাল ইজারা পাওয়ার পর থেকেই এলাকার চিহ্নিত মাদক কারবারী হারুনের নেতৃত্বে তার সাঙ্গোপাঙ্গরা জলমহালটি জোরপূর্বক দখলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন গতকাল মঙ্গলবার সকালে হারুনের নেতৃত্বে মানিক, ইমরান, জাবু মিয়া, মাসুদ, রাজু ও কাশেমসহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল জলমহালে এসে রাম দা, চায়নিজ কোড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আল-আমিনের উপর হামলা চালায়। এ সময় আল-আমিনের কাছে থাকা মাছ বিক্রির প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আল-আমিনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ফুলারপাড়া মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মানছুর ইসলাম জানান, সরকারের কাছ থেকে নিয়ম মেনে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী প্রতিদিন নেশার টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় তারা সমিতির সদস্যদের প্রণনাশের হুমকি দেয়। সেই ক্ষোভ থেকেই তারা আল-আমিনের উপর হামলা করে।
জামালপুর থানার ওসি তদন্ত এস এম নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

ডেস্ক রিপোর্ট 


















