ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বুধবার (০১ জুলাই) ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্সে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর সাক্ষরিত একটি বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।
বার্তায় আরও বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানিদের হত্যার কমান্ডার ও অপরাধীরা যথাসময়ে বিচারের মুখোমুখি হবে। আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ফাইল খোলা রয়েছে। অপরাধীরা খুব দ্রুতই এবং যথাসময়ে ন্যায়পরায়ণ ব্যক্তিদের হাতে বিচারের সম্মুখীন হবে।
গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আলি খামেনি নিহত হন। হামলায় ইরানের আরও কয়েকজন কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।
আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
সূত্র : ডন ও বিবিসি

ডেস্ক রিপোর্ট 


















