এবার ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যতবার হামলা চালাবে, যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা করবে। একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না তা নিয়েই সন্দেহ রয়েছে তার। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এমনকি এসময় তিনি আবারও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা চুক্তির যোগ্য কি না, কিংবা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’ ইরান যদি সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে তারা কিছুটা উন্মাদ। তাদের আচরণও তেমনই মনে হচ্ছে। তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা খুব করেই একটি চুক্তি করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। তারা যতবার আমাদের ওপর হামলা চালাবে, আমরা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালাব।’ যুক্তরাষ্ট্র কি আবারও ইরানে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের জয়ের অনেক উপায় আছে। তবে সামরিকভাবে আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।’
এদিকে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তিনি এখন কূটনৈতিক পথকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ট্রাম্প বলেছেন, তার কাছে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখন ‘সময়ের অপচয়’ বলে মনে হচ্ছে। তবে তিনি এটিও বলেছেন, তার উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ভবিষ্যতে আলোচনার কোনও সুযোগ দেখলে, সে বিষয়ে তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নিজে কোনও ধরনের সরাসরি আলোচনায় অংশ নেননি। পাশাপাশি তিনি মনে করেন, কোনও নতুন চুক্তি হলেও ইরান তা মেনে চলবে বলে তিনি আর বিশ্বাস করেন না।

ডেস্ক রিপোর্ট 





















