মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে দুই দেশের চলমান শান্তি উদ্যোগ।
বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই পাল্টাপাল্টি হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে—দুই দেশের মধ্যে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া আদৌ টিকে থাকবে কি না।
হামলার পর তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক কার্যত আর কার্যকর নেই। যদিও তিনি কূটনৈতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন।
একই সঙ্গে ট্রাম্প ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে জানান, বর্তমান পরিস্থিতির দায় তেহরানেরই। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে কেবল যুক্তরাষ্ট্র ও ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে। তাই এখন নজর কূটনৈতিক উদ্যোগে, নাকি সংঘাত আরও বিস্তৃত হয়—সেদিকেই।

ডেস্ক রিপোর্ট 























