যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরিচিত হবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ নামে।
বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ। এর অংশ হিসেবে বিমানবন্দরের সাইনবোর্ড, ব্র্যান্ডিং এবং জনসাধারণের জন্য ব্যবহৃত সব তথ্য ধাপে ধাপে হালনাগাদ করা হবে।
শুধু নামই নয়, পরিবর্তন হচ্ছে বিমানবন্দরটির পরিচিতি কোডও। দীর্ঘদিনের ‘পিবিআই’ কোডের পরিবর্তে নতুন কোড ‘ডিজেটি’ ব্যবহার করা হবে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ আগামী ১৮ আগস্ট থেকে নতুন কোড কার্যকর করবে। তবে আপাতত যাত্রীরা পুরোনো কোড ব্যবহার করেও ফ্লাইট খুঁজে পাবেন।
ইতোমধ্যে ইউনাইটেড, ডেল্টা ও আমেরিকান এয়ারলাইন্সসহ কয়েকটি বড় মার্কিন বিমান সংস্থা তাদের বুকিং প্ল্যাটফর্মে নতুন কোড যুক্ত করা শুরু করেছে।
এর আগে ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস বিমানবন্দরের নাম পরিবর্তনের বিলে স্বাক্ষর করেন। পরে এফএএর আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন নাম কার্যকর হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নাম পরিবর্তন প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এর একটি অংশ বহন করবে ফ্লোরিডা অঙ্গরাজ্য, আর বাকি অর্থ আসবে বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে।
এদিকে নতুন নাম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাম বিচের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সম্মানে তিনি অত্যন্ত গর্বিত এবং ভবিষ্যতে বিমানবন্দরটিকে বিশ্বের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 























