ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তার ব্যক্তিগত কক্ষের চৌকি খাটের ওপর বসে জনৈক এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছেন। নোটগুলো ৫০০ ও এক হাজার টাকার ছিল। এ সময় এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে বলে তাকে বলতে শোনা যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত ২৬ জুলাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ডেস্ক রিপোর্ট 


















