কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি ৭২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর যৌথ উদ্যোগে কুমিল্লা ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে এ কার্যক্রম পরিচালিত হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ দশমিক ৬৫ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫টি ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল ইস্কাফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান ও বোতল বিয়ার, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ২১৫ টাকা।
বিজিবি জানায়, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, পিএসসি। এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি। সীমান্তে মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 



















