ঈমান, সৎকর্ম, নামাজ এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসার মাধ্যমেই প্রকৃত সুখ ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব বলে জানিয়েছেন মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান।
শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
খুতবায় অন্তরকে হিংসা, বিদ্বেষ ও নেতিবাচকতা থেকে মুক্ত রাখার আহ্বান জানান শায়খ আল-বুয়াইজান। তিনি বলেন, জীবনে পরিপূর্ণতা ও প্রকৃত তৃপ্তি অর্জনের সঠিক পথ হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা।
এদিকে একই দিনে মক্কার মসজিদুল হারামে জুমার খুতবা দেন ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবি। তিনি মুসলিমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
শায়খ গাজ্জাবি বলেন, একে অন্যের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। পারস্পরিক সহায়তার মাধ্যমে আল্লাহর নেয়ামত অটুট রাখার পাশাপাশি মানুষের বিভিন্ন দুর্ভোগও কমানো সম্ভব।
খুতবায় তিনি সৎকর্ম ও তাকওয়ার মাধ্যমে বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে অভাবী ও দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন তিনি।
দুই ইমামের খুতবাতেই ব্যক্তিগত জীবনে ঈমান ও সৎকর্মের গুরুত্বের পাশাপাশি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 

























