এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় সোমবার (১৭ আগস্ট) রাজ্যের সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রেও সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তামিলনাড়ু বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন এই ঋণ মওকুফ সুবিধায় মোট ১৩ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী বলেন, কৃষি রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের সহায়তা করা ছাড়া দেশের সমৃদ্ধি সম্ভব নয়। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের জন্য অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। বিধানসভার ১১০ নম্বর বিধির আওতায় ঘোষণা দিয়ে বিজয় বলেন, গত মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তার সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল।
পরবর্তী সময়ে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়। আর ৭৫ হাজার রুপির বেশি ঋণ নেওয়া কৃষকদের ৩৫ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছিল। এতে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হন। মুখ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ৭ আগস্ট কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে আর্থিক সংকট এবং সমবায় ব্যাংকগুলোর সঙ্গে সময়মতো ঋণ নিষ্পত্তির বিষয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশনা বিবেচনায় নিয়েও অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বিজয় বলেন, নতুন উদ্যোগে আরও ১ লাখ ৩৮ হাজারের বেশি কৃষক উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত প্রায় ৯৫৩ কোটি ৬ লাখ রুপি ব্যয় হবে। সব মিলিয়ে ১৩ লাখ ৩৪ হাজার কৃষকের জন্য মোট ঋণ মওকুফের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬ হাজার ২২০ কোটি রুপি। দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার দিনই মুখ্যমন্ত্রী বিজয়ের এই ঘোষণা এলো। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে ১০০ দিন পূর্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেস্ক রিপোর্ট 





















