জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় বাউফলের আলোকী–চাদকাঠি, ধুলিয়ার গর্ব হাফেজ নুর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হাফেজ নুর উদ্দিন জাকারিয়ার এই অনন্য সাফল্যে বাউফলবাসীসহ পুরো বাংলাদেশ গর্বিত। পবিত্র কোরআনের তেলাওয়াতে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তিনি হাফেজ জাকারিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়ার এই অর্জন শুধু বাউফল নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত গৌরবের। তার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধ চর্চায় অনুপ্রাণিত করবে। এ সময় বিশ্বজয়ী হাফেজ নুর উদ্দিন জাকারিয়া এবং তার গর্বিত পিতা–মাতাকে সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

ডেস্ক রিপোর্ট 























