রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল ব্রাঞ্চ থেকে একযোগে ৪৩ শিক্ষককে অন্য ব্রাঞ্চে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে বদলি হওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
রোববার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যদের সম্মতিক্রমে তাদের অন্য ব্রাঞ্চে বদলি করা হয়। তবে ঠিক কী কারণে তাদের বদলি করা হয়েছে সেটি জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর লাল মোহাম্মদ। তিনি বলেন, ‘অন্য ব্রাঞ্চে শিক্ষক সংকট থাকার কারণে মতিঝিল ব্রাঞ্চ থেকে ৪৩ জনকে অন্য ব্রাঞ্চগুলোতে ট্রান্সফার করা হয়েছে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানান, ‘হঠাৎ করে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ৪৩ জন শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।’
প্রসঙ্গত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বর্তমানে তিনটি শাখা রয়েছে। সেগুলো হলো- মতিঝিল (মূল) শাখা, বনশ্রী এবং মুগদা শাখা। এই শাখাগুলোতে বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনই চালু রয়েছে। দুটি করে শিফটে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ালেখা করছেন।

ডেস্ক রিপোর্ট 



















