সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন এক বিড়ালের সন্ধান মিলেছে, যার চার পায়ে রয়েছে ২৯টি আঙুল। বিরল এই বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিড়ালটি।
মেইন কুন জাতের পুরুষ বিড়ালটির নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। পরীক্ষা-নিরীক্ষার পর ইরেবাসের ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছে গিনেস কর্তৃপক্ষ।
অতিরিক্ত ১১টি আঙুলের কারণে ইরেবাসের থাবা সাধারণ বিড়ালের তুলনায় বেশ বড় ও আলাদা দেখতে। তবে এত বেশি আঙুল থাকলেও হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না তার।
জন্মগতভাবে অতিরিক্ত আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘পলিড্যাক্টিলি’। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এ বৈশিষ্ট্য দেখা গেলেও ২৯টি আঙুলের ঘটনা অত্যন্ত বিরল।
এর আগে ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল ২৮টি আঙুল নিয়ে রেকর্ড গড়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।
তবে এবার ২৯টি আঙুল নিয়ে আগের রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছে ইরেবাস।
ইরেবাসের মালিক দম্পতি মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠান ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, জন্মের পরপরই ইরেবাসের পায়ের গঠন দেখে তাদের মনে হয়েছিল, বিড়ালটি হয়তো আগের রেকর্ড ভাঙতে পারে।
শেষ পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির মধ্য দিয়ে সেই ধারণাই সত্যি হলো।
তথ্যসূত্র: ইউপিআই

ডেস্ক রিপোর্ট 




















