ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও বলা হয়। বিষয়টি নজরে এসেছে মার্কিন সিক্রেট সার্ভিসের।
মঙ্গলবার সিএনএনকে সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, তারা ভিডিওটির বিষয়ে অবগত। প্রেসিডেন্ট বা তাদের সুরক্ষাধীন যেকোনো ব্যক্তির প্রতি সম্ভাব্য হুমকির বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় বলেও জানান তিনি।
প্রায় তিন মিনিটের ভিডিওটির শুরুতে ইংরেজিতে লেখা হয়—‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?’ এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন ট্রাম্পের যাতায়াতের সম্ভাব্য কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষে তাকে হত্যার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের কথাও বলা হয়।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন এক ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, এটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক ভিডিওর অংশ। এসব ভিডিওতে পরিবারের সদস্যদের চলাচলের তথ্য এবং হত্যার পরামর্শও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা ও পরিবর্তন করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে ইরানের পক্ষ থেকে নিজের জীবনের ওপর হুমকির কথা প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালে তার নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে হত্যার সম্ভাব্য হুমকি নিয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের জুলাইয়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আয়োজিত শোকসভাতেও ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে পোস্টার প্রদর্শনের খবর আসে। ফলে ব্যারন ট্রাম্পকে ঘিরে নতুন এই হুমকিকে গুরুত্বের সঙ্গেই দেখছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

ডেস্ক রিপোর্ট 






















