সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আবারও পিছিয়েছে শুনানি। এ নিয়ে ১২৯ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই প্রতিবেদন দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মামলার তদন্ত। এর মধ্যে একের পর এক সংস্থা বদলেছে তদন্তের দায়িত্ব। প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ, পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি এবং এরপর র্যাব তদন্তের দায়িত্ব পায়।
সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন। চার সদস্যের এই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয় পিবিআই প্রধানকে।
কিন্তু এরপরও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। ফলে বছরের পর বছর ধরে চলা এই আলোচিত হত্যাকাণ্ডে বিচারের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।

ডেস্ক রিপোর্ট 























