স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্য বাস্তবায়নে দেশের নাগরিকদের স্বদেশি পণ্য ও সেবা ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সোমবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়েছে। এ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। ইরান যুদ্ধসহ বিশ্বজুড়ে চলমান নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যেও এই প্রবৃদ্ধিকে ভারতের অর্থনীতির শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কথা তুলে ধরে মোদি বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অর্থনৈতিক চাপ মোকাবিলায় নাগরিকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো, বিলাসীভাবে স্বর্ণ কেনা থেকে বিরত থাকা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে দেশের ভেতরেই বিয়ের আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ ধারণাকে উৎসাহিত করার আহ্বান জানান মোদি।
ভারতের প্রধানমন্ত্রী মনে করেন, স্বদেশি পণ্য ও সেবার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা গেলে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, স্বদেশি ভাবধারাকে আরও শক্তিশালী করে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে একটি উন্নত ভারত গড়ে তুলে তা তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়াই লক্ষ্য।
এর আগে গত মে মাসেও বিশ্ববাজারের অনিশ্চয়তা ও আন্তর্জাতিক সংকটের প্রভাব মোকাবিলায় নাগরিকদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদি। তখন গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহ বাড়ানো, সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা এবং জ্বালানি তেল ও স্বর্ণ কেনাকাটা সীমিত রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।

ডেস্ক রিপোর্ট 





















