এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় দায়িত্ব পালনরত চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে রোগীর চার বন্ধুকে আটক করেছে পুলিশ। আহত আনসার সদস্যরা হলেন– মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ।
পুলিশ জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন। জরুরি বিভাগের সামনে রোগীর জন্য ট্রলি আনতে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে কিল–ঘুষি মারেন। এতে চার আনসার সদস্য আহত হয়েছেন। আহত চারজনকেই শজিমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলার অভিযোগে রোগীর চার বন্ধুকে আটক করেছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 























