এবার বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সাধারণ মানুষের অধিকার হরণ করা হলে এর পরিণতি ভালো হবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করছে বিএনপি সরকার। সাধারণ মানুষের অধিকার হরণ করলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, সংসদে নিষ্ফল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কোনো পথ দেখছে না বিরোধী দল। ফলে দাবি আদায়ে বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জনদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, দাবি আদায় করেই বিরোধী দল ঘরে ফিরবে।

ডেস্ক রিপোর্ট 
























