ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার এই আবেদন মূলত বর্তমান বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে।
পোস্টে ড্যানিলোভিচ আরও উল্লেখ করেন, এর মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন যে, তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাতে বাধা সৃষ্টি করছে। এছাড়া এই পদক্ষেপের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজতে পারে। সে ক্ষেত্রে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করাতে তৃতীয় কোনো দেশকে যুক্ত করার উদ্যোগও এর পেছনে থাকতে পারে।
উল্লেখ্য, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

