বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকারের বক্তব্যে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১ নভেম্বর) পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক কর্মসূচিতে রানাঘাটের এই এমপি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, ফের এক হয়ে যাবে।”
তার এই বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। শাসক দল তৃণমূল কংগ্রেস মন্তব্যটির কড়া সমালোচনা করেছে। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার বলেন, “উনি বিভিন্ন সময় ভুল কথা বলেন। আমরা তাঁর সুস্থতা কামনা করি।”
শুভদীপ আরও বলেন, “সীমান্ত সুরক্ষা একটি কেন্দ্রীয় বিষয়, যা বিজেপি সরকারই নিয়ন্ত্রণ করে। এটি রাজ্যের এখতিয়ারের বিষয় নয়।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জগন্নাথ সরকারের বক্তব্য কি তবে বাংলাদেশ দখলের ইঙ্গিত, নাকি কেবলই আবেগঘন রাজনৈতিক উক্তি—এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।
বর্তমানে যখন পশ্চিমবঙ্গে নাগরিকত্ব যাচাই (NRC) ও ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী বাদ দেওয়ার দাবি নিয়ে বিজেপি সরব, ঠিক সেই সময় সীমান্ত খুলে দেওয়ার এমন মন্তব্য দলের অবস্থান ও নীতিকে নিয়েই নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও দুই দেশের সম্পর্ক নিয়ে তার বক্তব্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

