সম্প্রতি রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে সেখানে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি হাসপাতালে যান। এ সময় চরমোনাই পীর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শয্যাপাশে কিছুটা সময় কাটান ও তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের সভাপতির দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন।
এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

ডেস্ক রিপোর্ট 
























