এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া এক পোস্টে বলা হচ্ছে, কঙ্গনা নাকি মন্তব্য করেছেন, রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তিনি ‘পরদিনই তাকে বিয়ে করবেন’। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
পোস্টটি শেয়ার করেছে বলিউড লাইফ নামের একটি বিনোদনভিত্তিক মাধ্যম। এর পর থেকেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কেউ এটিকে রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এ ধরনের মন্তব্য গুরুতর ইস্যু থেকে মনোযোগ সরানোর কৌশল হতে পারে।
বিষয়টি নিয়ে চটেছেন অভিনেত্রী। পোস্টটিকে ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে কঙ্গনা রানাওয়াত লিখেন, ‘কী জঘন্য এই ভুয়া খবরটা। রাজনীতিতেও নারীদের কোনো মর্যাদা নেই। যারা এই ভুয়া খবর ছড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত।’ অভিনেত্রী সাফ জানিয়ে দেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

ডেস্ক রিপোর্ট 





















