আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার দিকে) ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে মাজার-ই-শরিফ ও আশপাশের প্রদেশগুলোতে।
আফগান সরকারি সংবাদ সংস্থা বাখতার নিউজ জানায়, ভূমিকম্পটি বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশে তীব্রভাবে অনুভূত হয়। এতে অন্তত ৭৩০ জন আহত হয়েছেন, আর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সামাঙ্গান ও বালখ প্রদেশে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।
বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে হতাহতের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা রওজা মোবারক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে বাগলান ও বাদাখশান প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাদাখশানের শহর-ই-বোজর্গ জেলার চোগানি গ্রামে প্রায় ৮০০টি ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে, মাটির ২৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সব হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে, যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও অংশ নিয়েছেন।

