ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত নেহাল মোদীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

৪৬ বছর বয়সী নেহাল বেলজিয়ামের নাগরিক। জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে হলেও তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তার ভাই, হীরে ব্যবসায়ী নীরব মোদী বর্তমানে যুক্তরাজ্যে বন্দি, যিনি ইতিমধ্যেই ভারতের অন্যতম আর্থিক কেলেঙ্কারির মূল অভিযুক্ত হিসেবে পরিচিত।

সূত্র অনুযায়ী, শুক্রবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা নেহালকে গ্রেফতার করে। পরদিন শনিবার তাকে আদালতে পেশ করা হয় এবং মার্কিন কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নেয়। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি দু’জনকেই পিএনবির প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রতারণামূলক ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত করেছে। এর আগে নীরব মোদীকে লন্ডনে গ্রেফতার করা হলেও তার প্রত্যর্পণ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এবার তার ভাই নেহালের গ্রেফতারে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, এই ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নতুন গতি পেতে পারে।