ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে পৌঁছেছে। সোমবার (৬ অক্টোবর) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র। ইতোমধ্যে ধ্বংসস্তূপের ৮০ শতাংশ সরিয়ে ফেলেছেন উদ্ধারকর্মীরা।

গত সপ্তাহে প্রদেশটির সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়লে শতাধিক ছাত্র কংক্রিটের স্তূপে চাপা পড়ে। রাতভর উদ্ধার অভিযানে খননযন্ত্র ব্যবহার করে মরদেহ উদ্ধার করা হয়। সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা কমলা রঙের মরদেহ ব্যাগে করে মৃতদেহগুলো সরিয়ে নিচ্ছেন।