যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বর্বরতার দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৩ সালের এই দিনে শুরু হয়েছিল অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের আগ্রাসন—যে দিন থেকেই গাজাবাসীর জীবনে নেমে আসে ভয়াবহ দুঃস্বপ্ন।
গাজার মিডিয়া অফিস জানায়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, নারী-শিশুসহ নিহত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন, আহত হয়েছেন আরও এক লাখ ৬৯ হাজার ৬৭৯ জন।
মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ হত্যাযজ্ঞে ক্ষোভে ফুঁসে উঠেছে ইউরোপসহ বিশ্বজুড়ে মানুষ। এ অবস্থায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্যোগ নিয়েছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। মিসরের শার্ম-এল শেখে রবিবার থেকে চলছে পরোক্ষ আলোচনা, যেখানে আলোচনার মূল ভিত্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা ‘শান্তি প্রস্তাব’।
তবে আলোচনার মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী, যখন শার্ম-এল শেখে হামাস-ইসরাইল প্রতিনিধি দলের মধ্যে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল।

