গাজার চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থিত রয়েছেন। ৬৪ বছর বয়সী আল-হাইয়া সোমবার মিসরের শারম এল-শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন।
গাজার যুদ্ধ শুরুর পর থেকে আল-হাইয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন যুদ্ধ থামানোর প্রচেষ্টায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের ব্যাপক প্রতিরোধমূলক অভিযান গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে।