যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাবে তীব্র ব্যঙ্গ করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। গাজা অভিমুখী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা–তে যাত্রা, গ্রেপ্তার এবং পরে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় ট্রাম্প তাকে ‘রাগী’ ও ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেন এবং দাবি করেন, গ্রেটার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ আছে।

প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানান ২২ বছর বয়সী এই জলবায়ু কর্মী। পোস্টে ব্যঙ্গ করে তিনি লেখেন, “আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমার চরিত্র নিয়ে এত প্রশংসাসূচক মন্তব্য শুনে আনন্দিত। আমার মানসিক স্বাস্থ্য নিয়ে তার উদ্বেগের জন্য ধন্যবাদ।”

তবে এখানেই থামেননি গ্রেটা। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, “তথাকথিত ‘অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা’ মোকাবিলার বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করব। কারণ, আপনার নিজের রাগ নিয়ন্ত্রণের দুর্দান্ত রেকর্ডই প্রমাণ করে—আপনি নিশ্চয়ই এই বিষয়ে বিশেষজ্ঞ!”