ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিজনিত ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটের ভাল্লু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল বাসটি। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে, এতে মুহূর্তেই বাসটি চ্যাপ্টা হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার বিলাসপুরে ১২.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

