গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর গত দুই বছরে অন্তত ২ হাজার ১৭০ কোটি ডলার (২১.৭ বিলিয়ন ডলার) সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত একটি নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি।
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হতো না বলে গবেষক দল তীব্র সমালোচনা করেছেন।
এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ‘কস্টস অব ওয়ার প্রজেক্ট’-এর গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সহায়তার বড় অংশই প্রথম বছরে দেওয়া হয়েছে।
🔹 প্রথম বছর (বাইডেন প্রশাসন): ইসরায়েলকে দেওয়া হয়েছে ১৭.৯ বিলিয়ন ডলার সহায়তা।
🔹 পরবর্তী এক বছরে: আরও ৩.৮ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।
গবেষকেরা বলেছেন, এই সহায়তা শুধু অস্ত্র বা গোলাবারুদেই সীমাবদ্ধ নয়; এতে গোয়েন্দা সহায়তা, প্রতিরক্ষা প্রযুক্তি ও কূটনৈতিক সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

