ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় সংঘটিত ভাঙচুর মামলার পলাতক আসামি নজরুল শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভার কলেজপাড় এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করেন অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশ দল।
নজরুল শিকারী আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর রাজনীতিতে জড়িত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আস্থাভাজন মুরব্বি হিসেবে এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে পাশের উপজেলা নগরকান্দা ও সালথা-তে সংযুক্ত করার প্রতিবাদে দু’টি ইউনিয়নের বাসিন্দারা বিক্ষোভ ও আগুন জ্বালিয়ে সমাবেশ করেন। এর ধারাবাহিকতায় কিছু দুষ্কৃতিকারী, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের স্টেশন, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদে আগুন ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।
কয়েকদিন ধরে অজ্ঞাত স্থানে থাকা নজরুল শিকারী বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডেস্ক রিপোর্ট 

























