মাগুরা-২ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন বিভিন্ন এলাকায় সরব প্রচারণা চালাচ্ছেন।
শনিবার (৮ নভেম্বর) তিনি শালিখা উপজেলার বুনোগাতি, আড়পাড়া, গঙ্গারামপুর, পুলুম, নহাটা এবং মাগুরার বেরইল পলিতাসহ অন্তত ১৫টি এলাকায় সম্প্রতি দুইদিনে জনসংযোগ করেছেন। যদিও এনসিপি এখনো মাগুরায় জেলা কমিটি গঠন করতে পারেনি, মোয়াজ্জেম হোসেন শুক্রবার থেকে তার প্রচারণা শুরু করেছেন এবং তরুণ কর্মীদের সমন্বয়ে দলের পক্ষে ভোট প্রার্থনা করছেন।
তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে নিজের ছবি সম্বলিত প্রচারপত্র হাতে ধরে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চান। এছাড়া, গত এক বছরে মাগুরা-২ নির্বাচনী এলাকায় বিভিন্ন বরাদ্দ কার্যকর করার কৃতিত্ব তুলে ধরেছেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, “মাগুরার জন্য আনা বরাদ্দের বেশিরভাগ কাজ চলমান রয়েছে। তরুণ প্রজন্মের একজন হিসেবে আমাকে শাপলা কলি মার্কায় ভোট দিলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে সেবা করার সুযোগ পাব।”
এর আগে, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছিল। সেই প্রেক্ষাপটে প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির খবরও আসে।

ডেস্ক রিপোর্ট 

























