দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আহত হয়েছে আরও প্রায় ২ লাখ মানুষ।

জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জোর্গে মোরেইরা দা সিলভা জানিয়েছেন, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পুনর্গঠনে প্রয়োজন হবে প্রায় ৫২ বিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকারও বেশি।

এদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা উঁকি দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েল ও হামাস যদি আজ (বুধবার) ঐকমত্যে পৌঁছায়, তবে আজই যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। তিনি জানান, যুদ্ধবিরতির আলোচনায় চারটি বিষয়ে অগ্রগতি হয়েছে—জিম্মি বিনিময়, সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির শর্তাবলি।

গাজার যুদ্ধ থামাতে মিসরের শার্ম এল-শেইখে আলোচনায় অংশ নিচ্ছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মিসরের প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ এল-সিসি জানিয়েছেন, আলোচনার অগ্রগতি “খুবই আশা জাগানিয়া”।