শিশুদের জন্য রাখা হ্যালোইনের ক্যান্ডি চুরি করে নিয়ে যাচ্ছেন এক নারী—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি গত বছরের হলেও সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যায়, কানাডার অন্টারিও প্রদেশের মার্কহামের করনেল এলাকায় এক নারী বাড়ি বাড়ি ঘুরে দরজার সামনে রাখা ক্যান্ডির বাটি থেকে ক্যান্ডি নিচ্ছেন, কখনো আবার পুরো বাটিটাই ব্যাগে ভরে নিচ্ছেন। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
স্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব হ্যারিসন ফকলনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শেয়ার করে লেখেন, “অন্টারিওর মার্কহামে ‘ট্রিক অর স্টিল’ দেখা গেছে। কী চলছে এখানে?” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে লাখো ভিউ ও হাজারো মন্তব্য জমে।
ভিডিওতে দেখা নারীর পোশাক দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করছেন। কেউ কেউ বিষয়টিকে মজার মনে করলেও অনেকেই অভিযোগ করেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়াচ্ছেন কিছু ব্যবহারকারী।

