সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উত্তর দিক থেকে মসজিদে বোমা হামলা চালানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মসজিদটিতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ৭০টি পরিবার আশ্রয় নিয়েছিল। হামলায় মসজিদের একটি অংশ ধ্বংস হয়ে যায়।

আরএসএফ সম্প্রতি আবু শৌক শরণার্থী শিবির দখলের পর এল-ফাশের শহরটি দখলের লক্ষ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে। গত মাসেও এক ড্রোন হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এটিই এল-ফাশের শহরে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ খাদ্যসংকটে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশের গত বছরের মে মাস থেকে আরএসএফের অবরোধে রয়েছে। এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় শহরগুলোর একটি।