ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিজয়ে অভিনন্দন জানিয়েছিল পাকিস্তান জামায়াত-ই-ইসলামী। তবে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে সেই পোস্টটি পরে সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তান জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানের পক্ষ থেকে দেওয়া অভিনন্দন বার্তায় বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সংগঠন শিবিরের পূর্ণ প্যানেল বিজয় বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং এটি দেশটির নতুন অধ্যায়ের সূচনা করেছে। পোস্টে আরও দাবি করা হয়, অন্য প্যানেলগুলো ভারতপন্থি শক্তির সমর্থন পেলেও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে।
অভিনন্দন বার্তায় শিবিরের এ জয়কে ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রামে মাইলফলক হিসেবে উল্লেখ করে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি নির্বাচনের আয়োজন করায় অন্তর্বর্তীকালীন সরকারকেও কৃতিত্ব দেওয়া হয়।
তবে কিছুক্ষণ পর পোস্টটি পাকিস্তান জামায়াতের পেজ থেকে মুছে ফেলা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

