শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) নবান্নে নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও চূড়ান্ত করবেন তিনি। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বণ্টণ এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে, এদিন তিনটি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী।
গেল শনিবার শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সবরকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খন্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরইমধ্যে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।
পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিবিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে, সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম জানান, অপরাধ, দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না।
এদিকে, রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বড় পর্দার এই নায়ক। তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–ও। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে, সরকারে আসা নতুন মুখ থালাপতি রাজ্যবাসীর মন জয় করবেন বলে আশায় অনেকে।

ডেস্ক রিপোর্ট 




















