যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, তাদের কেউই জীবিত নাও থাকতে পারেন।

শুক্রবার (১০ অক্টোবর) গ্রামীণ টেনেসির ‘অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস’ নামের একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দূর-দূরান্ত থেকেও শব্দ ও কম্পন অনুভূত হয়।

হামফ্রেস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস ঘটনাস্থলকে তার দেখা সবচেয়ে বিধ্বংসী দৃশ্যগুলোর একটি বলে মন্তব্য করেছেন। নিহতের সংখ্যা নিশ্চিত না হলেও নিখোঁজ রয়েছেন ১৯ জন।

কোম্পানির তথ্য অনুযায়ী, ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাকস্লোর্ট এলাকার পাহাড়ি অঞ্চলে অবস্থিত স্থাপনাটিতে তারা বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করত।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফ-টিভির আকাশপথের ফুটেজে দেখা গেছে, পাহাড়ের চূড়ায় থাকা ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ ও পুড়ে যাওয়া যানবাহনের কঙ্কাল পড়ে আছে।