দিল্লির আফগান দূতাবাসে তালেবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখায় বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেবল পুরুষ সাংবাদিকরা।

ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেছেন। রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে লেখেন, “মাননীয় মোদী, প্রকাশ্য মঞ্চে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হল, যা ভারতের প্রতিটি মহিলার জন্য বার্তা।”

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এই বিষয়ে ভারতের কোনো ভূমিকা নেই। তবে আফগান দূতাবাসের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আফগানিস্তানের কাছে থাকায় ভারত শুধুমাত্র এটি স্মরণ করিয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ অগস্ট কাবুল দখলের পর ভারতের প্রথমবারের মতো কোনও উচ্চ পর্যায়ের তালেবান নেতা ভারতে এসেছেন। এই সফরের মাধ্যমে কাবুলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানকে কূটনৈতিক চাপ দেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি।