আফগানিস্তান সীমান্তে রাতভর ভয়াবহ সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান জানায়, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, “আফগান সীমান্তে সংঘর্ষে আমাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।” তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছেন এবং নিজেদের ৯ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে বলা হয়, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী রাতের হামলায় তালেবান ও তাদের মিত্র ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে তাদের সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার ও সন্ত্রাসী নেটওয়ার্ক।”
এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের পর উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই।”
কাতারও একই আহ্বান জানিয়ে বলেছে, “উভয় পক্ষ কূটনৈতিক পথে সমস্যার সমাধান করুন। স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাতার সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

