ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার যদি কঠোর হয়, তাহলে তারাও কঠোর হবেন। এমনকি প্রয়োজনে সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোরও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার নওগাঁর পোরশায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের পরও দখল, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। বন্যা পরিস্থিতিতেও সরকারের দায়িত্বশীলদের মাঠে না থাকার অভিযোগ তুলে তিনি সরকারের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে এনসিপি রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবিও জানান তিনি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমরা ভদ্র আচরণ করছি, কারণ আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। কিন্তু কেউ যদি সীমা ছাড়িয়ে যায়, কীভাবে টেনে নামাতে হয়, আমাদের জানা আছে। পালানোরও জায়গা পাবেন না।’
এ সময় ভারতের বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
পরে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা নওগাঁর নিয়ামতপুরে পদযাত্রা ও পথসভায় অংশ নেন।

ডেস্ক রিপোর্ট 





















