মাত্র এক হাজার টাকা বাসাভাড়া বকেয়া। সেই টাকাকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কের পরিণতিতে রাজধানীর আজিমপুরে প্রাণ হারালেন ৬২ বছর বয়সী ব্যবসায়ী স্বপন।
সোমবার ভোরে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, বকেয়া ভাড়া নিতে এসে বাড়ির বরাদ্দধারীর ছেলে রিজভী এবং তার চাচাতো ভাই রোহানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা স্বপন ও তার বড় ভাইকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
অন্যদিকে পুলিশ বলছে, ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত দুইজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















